দেশে এসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: রিজভী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি : সংগৃহীত
বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো রাজনৈতিক কারণে দেশ ছাড়েননি; বরং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর পাসপোর্ট বা ভিসা থাকুক কিংবা না থাকুক, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচার করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের নজরুল ইসলাম মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের পর দেশে আবারও বাকশাল ও একদলীয় শাসনব্যবস্থা ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতা একসঙ্গে রাজপথে নেমে এসেছিল। সেই ঐতিহাসিক গণজাগরণের মধ্য দিয়ে দেশ আধিপত্যবাদের প্রভাব থেকে রক্ষা পেয়েছিল। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, জুলাই বিপ্লবের অন্তর্নিহিত প্রেরণার সঙ্গে ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনার সম্পর্ক রয়েছে। ছাত্র-জনতা জীবন বাজি রেখে একজন রক্তপিপাসু শাসককে দেশ থেকে বিতাড়িত করেছে। তবে বর্তমান পরিস্থিতিতেও ফ্যাসিবাদী চক্রের নানা ষড়যন্ত্র থেমে নেই।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে মামলা না থাকলে তিনি নিজ দেশে ফিরতে পারেন, সেটি প্রত্যাবর্তন। অন্যদিকে প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া, যার সঙ্গে অপরাধ, শাস্তি এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির বিষয় জড়িত।
তিনি বলেন, সাঈদ, মুগ্ধসহ হাজারো ছাত্র-জনতার রক্তে যাঁর হাত রঞ্জিত, তাঁকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে দেশে বরণ করার কথা ভাবা যায় না। তাঁকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, আন্দোলনে সংগঠনটির নেত্রীরা সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছেন। পুলিশি বাধা ও নির্যাতন উপেক্ষা করে তাঁরা রাজপথে লড়াই করেছেন। তাঁদের এই অবদানের যথাযথ মূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, দেশে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
