সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শুরু করেছে। সরবরাহ ও চাহিদা বাড়লেও কমছে না দাম। নতুন আলু, গাজর ও টমেটোসহ বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারেও স্বস্তি নেই। ফলে নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা এবং পুরোনো আলু ৩০ টাকায়। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা এবং লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা। এ ছাড়া করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফুলকপি আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
সবজির পাশাপাশি মাছের বাজারেও চড়া দাম বিরাজ করছে। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চমূল্যেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কাতলা মাছের কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়েছে ২ হাজার ৬০০ টাকা।
আমিষের অন্যতম উৎস ডিমের দামেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়। এতে দৈনন্দিন বাজার খরচ আরও বেড়েছে সাধারণ মানুষের।
মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বিক্রেতাদের তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে নতুন সবজি আসেনি। সরবরাহ বাড়লে দাম কমতে পারে। তাদের ধারণা, আরও এক সপ্তাহ পর সবজির দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই ধরনের সবজির একাধিক সরবরাহ বাজারে দেখা গেলে দাম কমার প্রবণতা স্পষ্ট হবে।
বাজার করতে আসা নাঈম বলেন, ‘বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতেই পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।’
মাছের দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নাঈম বলেন, মাছ কিনতে গিয়ে শেষ পর্যন্ত ফিরে এসেছেন। আগে যে মাছ ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকাতেও মিলছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়বে।
