×

জাতীয়

পতিত ফ্যাসিবাদকে আর সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

পতিত ফ্যাসিবাদকে আর সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাঁরা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তিকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

তিনি বলেন, বোমা হামলার ঘটনায় জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।

সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, গণমাধ্যম মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এই আস্থা ধরে রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

আসাদুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক দিক থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকার বা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও আপত্তি নেই।

তিনি দাবি করেন, গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের ঘটনা ঘটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি।

মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও প্রকাশ করার আহ্বান জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। এ পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার কাজ করে যাচ্ছে।

ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজ জেলার প্রতি টান থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানান তিনি। তাঁর মতে, এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে এবং স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। একই সঙ্গে ঝিনাইদহের উন্নয়ন ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে তাঁরা আরও সচেতন হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যখন ডিবি কার্যালয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত ও সারজিস সেখানে জুস পান করছিলেন। এ ঘটনার পক্ষে তাঁর কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ওই সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেছেন। গণ-অভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে নিজের পর্যবেক্ষণ তৈরি করেছেন।

তিনি আরও প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সঠিক ইতিহাস কেন জাতির সামনে তুলে ধরা হচ্ছে না। তাঁর দাবি, নাহিদ ইসলাম যদি গণ-অভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরেন, তাহলে তাঁর ভাষায়, ‘গণ-অভ্যুত্থানের মীরজাফর’ হিসেবে হাসনাত ও সারজিসের নাম সামনে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App