×

পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এবং খাইবার পাখতুনখোয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটার কুররাম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেখানে ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তানের সদস্যদের লক্ষ্য করে অভিযান চালানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, কয়েক দফা সংঘর্ষের পর ভারত-সমর্থিত ৩১ জন খাওয়ারিজ সদস্য নিহত হয়েছেন। এ সময় তাদের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় পৃথক অভিযানে আরও ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, মির আলীতে ফিতনা আল-খাওয়ারিজের ৩৫ সদস্য এবং ওরাকজাইয়ে আট সদস্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এসব অভিযানের ফলে ওই এলাকাগুলোতে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ঘরে তৈরি বিস্ফোরক ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের শনাক্ত ও নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানজুড়ে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর অভিযান চলবে বলে জানিয়েছে আইএসপিআর।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানের সহিংসতাপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে এ দুটি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া ছিল সবচেয়ে বেশি সহিংসতাকবলিত।

প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে পাকিস্তানে সহিংসতায় মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৬১ শতাংশের বেশি। অন্যদিকে, বেলুচিস্তানে নিহত হয়েছেন ২৬৫ জন, যা মোট প্রাণহানির ৩৪ শতাংশ।

সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও শীর্ষে ছিল খাইবার পাখতুনখোয়া। সেখানে ১৫১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা পাকিস্তানের মোট ঘটনার ৫৭ শতাংশ। বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি ঘটনা, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App