এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক সংঘর্ষে ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এর মধ্যে সংসদ সদস্যের গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে আরও কয়েকটি বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে।
এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর ঢাকা থেকে তাঁর নির্বাচনি এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে তাঁর গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি সুস্থ ও অক্ষত রয়েছেন।
দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।
