×

জাতীয়

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যব্যবস্থা নতুন করে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। এ জন্য স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং চিকিৎসকসহ সংশ্লিষ্টদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন এবং এ খাতে সরকারের বিপুল বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে দাঁতের চিকিৎসার ব্যয়ও অনেক বেশি। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে এ ব্যয় বহন করা কঠিন।

সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। এ কারণে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ কিংবা অন্য কাজের অজুহাতে সেখান থেকে চলে যান। এ ধরনের মানসিকতার পরিবর্তন জরুরি।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব।

পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে অনেক সমস্যার সমাধান হবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ (স্যুভেনির) উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।

সূত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App