নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত
বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে সেই জল্পনার মধ্যেই নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেছে এই তারকা দম্পতিকে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত কয়েক মাস ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে।
একই সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের গুঞ্জনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি।
বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক বচ্চন। শুটিংয়ের ফাঁকে তিনি নিউইয়র্কে গিয়ে স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সময় কাটান। সেখানেই সন্ধ্যায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় অভিষেক ও ঐশ্বরিয়াকে। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
আরো পড়ুন : যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, অভিষেকের পরনে ছিল টি-শার্ট ও ক্যাপ, আর ঐশ্বরিয়া ছিলেন কালো পোশাকে। দুজনকে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল মেজাজে দেখা গেছে।
যদিও ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জন সম্পর্কে অভিষেক বচ্চন কিংবা ঐশ্বরিয়া রাই বচ্চন কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে নিউইয়র্কে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাকে অনেকেই বিচ্ছেদের গুঞ্জনের বিপরীতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
