×

ক্যাম্পাস

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্র সরিয়ে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পরে অস্ত্র হাতে তাদের অবস্থানের ভিডিও ধারণ করতে গেলে সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সমকালের প্রতিনিধিকে মারধর এবং আজকের পত্রিকার প্রতিনিধির মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়।

এরপর হামলার খবর পেয়ে অন্য সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামও হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জাহিদুলের মাথায় আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে নিয়ে যান।

এ ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নাম উঠে এসেছে। তারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলেও পরিস্থিতির কারণে তারাও সরে যায় বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদল নেতা আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত। আহসান হাবীবের অভিযোগ, ওই মন্তব্যে রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম তাঁর মা ও বোনকে নিয়ে গালাগাল করেছেন। অন্যদিকে রাকিবুলের দাবি, তাঁকে মারধরের হুমকি দিয়ে অবস্থান জানতে চেয়েছিলেন আহসান হাবীব। এ নিয়ে দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করেন।

এর আগে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রাকিবুল ইসলাম শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান করেন। পরে সন্ধ্যায় আহসান হাবীব হকিস্টিক ও বেসবল ব্যাট নিয়ে সেখানে অবস্থান নেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

পরে ওই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের অভিযোগ ওঠে। এর মধ্যেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

আড়াই কোটির বাজার দেড় কোটিতে, তথ্য চাওয়ায় ‘হাইকোর্ট’ দেখালো ইউএনও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App