সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন লাগার ৫ ঘণ্টার পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আরও ৫ ইউনিট বাড়িয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বর্তমান ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ‘মনজুর খান প্লাজা’ নামের বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তাই তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজাহান হোসেন ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করার তথ্য জানান। তিনি বলেন, সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বিকেল পাঁচটার দিকে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়।
আগুন লাগার কারণ, কেউ হতাহত হয়েছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
গত বছরের ডিসেম্বরে পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
