×

চট্টগ্রাম

সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড

Icon

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা ইরা মনিকে গলা কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের চার মাসের মাথায় বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বাবু শেখকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা মনিরুল ইসলাম পেশায় একজন টমটমচালক। ইরা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেওয়ার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে বাবু শেখ শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে কুমিরা থেকে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তার ওপর যৌন নিপীড়নের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় পাহাড়ে কর্মরত শ্রমিকরা ইরা মনিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।

ঘটনার পর একই দিন পুলিশ বাবু শেখকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া গ্রামে। তিনি সীতাকুণ্ডে ইরা মনিদের পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন।

তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠন করা হয় এবং ২১ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র ছয় কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২ জুলাই যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য নির্ধারণ করা হয়।

দ্রুত বিচার কার্যক্রম শেষে আদালত বৃহস্পতিবার এ বহুল আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রান্সকে হারাতে আত্মবিশ্বাসী মরক্কো

ফ্রান্সকে হারাতে আত্মবিশ্বাসী মরক্কো

আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা

আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App