টানা বর্ষণে সন্দ্বীপে ৬০ হাজার মানুষ পানিবন্দী
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সন্দ্বীপে টানা বর্ষণে প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের অন্তত আটটি ইউনিয়নের বাসিন্দারা এ দুর্ভোগে পড়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে টর্নেডোর আঘাতে প্রায় ৩০টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সাত দিনের টানা বৃষ্টিতে উপজেলার সারিকাইত, মগধরা, মুছাপুর, গাছুয়া, পৌরসভার আংশিক এলাকা, সন্তোষপুর, আমানউল্লাহ ও হরিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া মাইটভাঙ্গা, রহমতপুর, কালাপানিয়াসহ আরও কয়েকটি ইউনিয়নের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অনেক বাড়িঘরে হাঁটু থেকে কোমরসমান পানি উঠেছে। এতে মাছের ঘের, কৃষিজমি, গবাদিপশু এবং হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। গত তিন দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
ইউএনও আমজাদ হোসেন বলেন, “সন্দ্বীপে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ জলাবদ্ধতার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৫ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।”
সন্দ্বীপ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফসিউল আলম বলেন, বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে। পানিনিষ্কাশনের খালের মুখে বাঁধ থাকায় জলাবদ্ধতা ব্যাপক আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে এসব বাঁধ অপসারণের কাজ চলছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন, উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও প্রতিটি ইউনিয়নে দুর্গত মানুষের সহায়তায় কাজ করছেন।
