রাঙ্গুনিয়ায় সেতু ধস, ২ জেলার যোগাযোগ পুরোপুরি বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধসে পড়েছে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সেতুটি ধসে পড়েছে বলে জানা গেছে। এতে দুটি জেলার মধ্যে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকার ওই সেতুটি ধসে পড়ে।
এর ফলে সেতুর দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন। চরম ভোগান্তিতে হাজারো মানুষ। বিশেষ কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষেরা পড়েছেন চরম বিপাকে।
স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে ওই এলাকায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত ছিল। সেখানকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। একপর্যায়ে রাতের কোনো এক সময়ে পানির তোড়ে সেতুটির একটি অংশ ধসে পড়ে।
সেতুটি রাঙ্গুনিয়া উপজেলায় হলেও এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ‘বান্দরবান থেকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু পানিতে ডুবে থাকার কারণে আমাদের টিম এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। পানি কমলে দ্রুত বেইলি সেতু সংযোগ দিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।’
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সেটি জানাতে পারেননি এই সরকারি কর্মকতা।
এদিকে, চট্টগ্রামসহ সারাদেশে আজও (শনিবার) বৃষ্টি অব্যাহত। থেমে থেমে কখনো ঝিরিঝিরি, আবারও কখনো মুষলধারে হচ্ছে বৃষ্টি। মাঝেমধ্যে দিচ্ছে ঝড়ো বাতাস। এমন অবস্থা আরো কয়েকদিন অব্যাহত তাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
