×

চট্টগ্রাম

‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না’

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না’

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে চিকিৎসকদের সম্বোধন নিয়ে টাঙানো একটি লিখিত নির্দেশনাকে ঘিরে প্রশ্ন উঠেছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।’ এ নির্দেশনা প্রকাশ্যে আসার পর রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

হাসপাতালে টাঙানো ওই নির্দেশনায় চিকিৎসকদের ‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধনের ওপর গুরুত্ব দেওয়া হলেও রোগী ও স্বজনদের একটি অংশ বলছেন, গ্রামাঞ্চলে সামাজিক ও আঞ্চলিক প্রচলন অনুযায়ী চিকিৎসকদের অনেকেই সম্মানসূচকভাবে ‘ভাই’ বা ‘আপা’ বলে সম্বোধন করেন। এতে অসম্মান করার কোনো উদ্দেশ্য থাকে না।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম বলেন, আমরা গ্রামের মানুষ। মহিলাদের আপা আর পুরুষদের ভাই বলেই অভ্যস্ত। এখানে ডাক্তারদের ভাই কিংবা আপা বললে তারা রেগে যান। এতে চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসকদের সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে সম্বোধনের ধরন নিয়ে কঠোরতা চিকিৎসাসেবার পরিবেশে অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

আরো পড়ুন: আবারও খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, আমিও একবার একজন নারী চিকিৎসককে ‘আপা’ বলে সম্বোধন করেছিলাম। এতে তিনি অসন্তুষ্ট হন এবং পরবর্তীতে ‘ম্যাডাম’ অথবা ‘স্যার’ বলে সম্বোধন করতে বলেন।

এদিকে, জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ ছাড়া অন্য কোনো সম্বোধন না করার নির্দেশনা টাঙানোয় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। রোগী ও স্বজনদের মতে, চিকিৎসাসেবার ক্ষেত্রে সম্বোধনের ধরন নিয়ে বিরোধের চেয়ে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক সম্মান, সৌজন্য ও মানবিক আচরণ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের চিকিৎসকদের ‘স্যার-ম্যাডাম’ বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের সামনে টাঙানো নির্দেশনাটি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং সেটি অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ বলেন, রোগীদের চিকিৎসকদের ‘স্যার-ম্যাডাম’ বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের দরজায় টাঙানো নির্দেশনাটির বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণ করা হবে।

কর্তৃপক্ষের এ বক্তব্যের পর রোগী ও স্বজনদের প্রত্যাশা, সম্বোধন নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়ে চিকিৎসক-রোগীর পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও মানবিকতার ভিত্তিতে একটি সৌহার্দ্যপূর্ণ ও রোগীবান্ধব চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বাজল বঙ্গবন্ধুর ভাষণ

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

মাদকের তথ্য পেতে থানায় ‘অভিযোগ বক্স’

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App