হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম
ছবি: ভোরের কাগজ
চট্টগ্রামের মীরসরাইয়ে হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নিতে এসে সম্প্রতি জামায়াতের যুব বিভাগ থেকে বহিষ্কৃত সাইদুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ জামিনের আবেদন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ মীরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় ছাবিদ আলী মিস্ত্রি বাড়ির সুফিয়া খাতুন নিজ বসতঘরে ক্যামরা লাগানোর সময় বাধা দেন সাইদুল। পরে অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে ও শ্লীতাহানী করেন তিনি। এ ঘটনায় সাইদুলসহ অজ্ঞাত কয়েকজনসহ ৮ জনকে আসামি করে মীরসরাই থানায় (মামলা নং: ১১) দায়ের করেন সুফিয়া খাতুন। ঘটনার দিন স্থানীয় গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গেলে তাদেরকেও ভয়ভীতি প্রদর্শন করেন সাইদুলসহ বেশ কয়েকজন।
আরও পড়ুন: সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
মীরসরাই থানার (উপ-পরিদর্শক) ও মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হক লিটন জানান, হত্যাচেষ্টার মামলার ঘটনার সঙ্গে সাঈদুলসহ আরো কয়েকজন জড়িত রয়েছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সায়েম হোসেন বলেন, হত্যাচেষ্টার মামলায় এজাহারনামীয় ৪ আসামি আদালতে জামিন চাইলে বিচারক ৩ জনকে জামিন দিলেও ১ নম্বর আসামি সাইদুলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
