এমপি হীরার গাড়িবহরে হামলা-ভাঙচুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রোববার (৮ নভেম্বর) দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট ও উপজেলা পরিষদ এলাকায় এসব ঘটনা ঘটে।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর উপজেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এক পক্ষের সমাবেশ শেষে মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্য পক্ষও সমাবেশ শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে অগ্রসর হয়।
এ সময় সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও তাঁর সঙ্গে থাকা নেতারা উপজেলা চত্বর ছেড়ে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এ সময় রাশেদা বেগম হীরার গাড়িতে আঘাত করা হয় এবং আপত্তিকর স্লোগান দেওয়া হয়। একই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস এম এ আউয়াল খানের গাড়িও ভাঙচুর করা হয়।
এম এ আউয়াল খান অভিযোগ করেন, কর্মসূচি শেষে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাঁদের গাড়িবহর প্রতিপক্ষের মুখোমুখি হয়। এ সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে তাঁদের গাড়িবহরে হামলা চালানো হয় এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এএফএম তারেক মুন্সী নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তাঁদের জানা নেই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, কর্মসূচি শেষে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, একটি পক্ষ তাঁদের গাড়িতে আঘাত করে এবং নেতাদের উদ্দেশে গালাগাল করে। পরে পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কর্মসূচি শেষে ফেরার সময় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এম এ আউয়াল খানের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
