জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের কার্যক্রম শুরু হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আহ্বান করা এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে পারে। ১০ কার্যদিবসের এই অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন এবং সেগুলোর ওপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংক্ষিপ্ত এই অধিবেশনে বিলের ওপর আলোচনা, প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো স্থান পাবে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে এবং সেগুলোর ওপর আলোচনা হবে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত রাখা হচ্ছে।
সংসদের প্রচলিত রীতি অনুযায়ী, প্রতি বছরের জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন বসে। সে হিসাবে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসার কথা রয়েছে। ওই অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পরে তাঁর ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনা করবেন।
এদিকে পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বিরোধী দলের পক্ষ থেকে চলমান পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা নিয়েও আলোচনা হতে পারে। এ জন্য প্রয়োজন অনুযায়ী সময় বরাদ্দ দেওয়া হতে পারে।
তবে এবারের অধিবেশনে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপিত হচ্ছে না। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি বর্তমানে প্রস্তাব তৈরির কাজ করছে। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ২৫ কার্যদিবস চলে ওই অধিবেশন। এ সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।
