এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। দীর্ঘদিনের আন্দোলন এবার ক্যাম্পাস ছাড়িয়ে চট্টগ্রাম নগরীতেও ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলনকে আরও জোরালো ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দীর্ঘদিনেও সংকটের সমাধান না হওয়ায় সেখানে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান, চুয়েট কী চায়? সমাধান’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’ এবং ‘আইইবি নীরব কেন? জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ মাস ধরে গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চান। এ জন্য সংশ্লিষ্টদের দ্রুত সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা দ্রুত একজন উপাচার্য চান। প্রশাসনিক সমস্যার সমাধান করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাবেন।
অবস্থান কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়ানো এবং চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের প্রধান লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরে সমাধানের পথ তৈরিতে কাজ করছেন তারা।
তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও সমন্বয় করা হয়েছে। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অবস্থান কর্মসূচি শেষে আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে আবার আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর অপসারণ করা হয়। এরপর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
নিয়োগের প্রায় তিন সপ্তাহ পর ক্যাম্পাসে প্রবেশ করলে অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৩০ ঘণ্টা পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হয়ে ক্যাম্পাস ছাড়েন তিনি। এরপর থেকে আর ক্যাম্পাসে ফেরেননি। এতে উপাচার্যবিহীন চুয়েটে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নানা জটিলতা তৈরি হয়েছে।
