এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
ছবি : সংগৃহীত
দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে পাঁচ নেতাকে বিশেষ দায়িত্ব দিয়েছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন তাঁরা।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখা, নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং সম্ভাব্য নাশকতা মোকাবিলা করাই এই টিমের মূল দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
এই টিমকে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থা, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
পরদিন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা জানান, পাঁচ সদস্যের এই টিম তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করবে। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ বাড়ানো এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
