আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের দুই নেতা খুন হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিমপাড় সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ইদ্রিস হাওলাদার (৪৬) এবং একই ওয়ার্ডের সদস্য সাগর হাওলাদার (২৮)। ইদ্রিস হাওলাদার শনিবার রাতে এবং সাগর হাওলাদার রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদারের সঙ্গে ইদ্রিস হাওলাদারের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ১৭ মার্চ শাহিন হাওলাদারের নেতৃত্বে ৫০-৬০ জন ইদ্রিস হাওলাদারের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ইদ্রিস হাওলাদার একাধিক মামলা করেন। ওই মামলাগুলোতে শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়, যা তাদের প্রতিহিংসা বাড়িয়ে তোলে।
ইদ্রিস হাওলাদারের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইদ্রিস হাওলাদার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলে সাতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে সাতলা পশ্চিমপাড় ব্রিজের কাছে পৌঁছালে মো. শাহিন হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাঁরা ইদ্রিস ও সাগর হাওলাদারকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ইদ্রিস হাওলাদার মারা যান এবং সাগর হাওলাদার গুরুতর আহত হন।
আহত সাগর হাওলাদারকে স্থানীয়রা বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে অভিযুক্ত শাহিন হাওলাদার ও আসাদ হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন।
আরো পড়ুন: ৬ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
