আরও একটি টেস্ট জয়ের পথে বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জিততে হলে আফগানিস্তানকে আরও ৩৪৭ রান করতে হবে। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৭ উইকেট। দিনের শুরুতেই পায়ে টান লাগায় মাঠ ছাড়তে হয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ অক্টোবর) ৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানিস্তান। এর আগে সোমবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন লিটন কুমার দাস। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দলীয় ২৮ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
সেখান থেকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের জুটি দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে দিনের শেষভাগে হাফ সেঞ্চুরি করা রহমত শাহকে ৫১ রানে ফিরিয়ে বাংলাদেশকে আবারও সুবিধাজনক অবস্থানে নিয়ে আসেন পেসার ইবাদত হোসেন।
পঞ্চম দিনের শুরুতে সিঙ্গেল নিতে গিয়ে পায়ে টান লাগায় মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি। তখন তার সংগ্রহ ছিল ২০ রান। তার মাঠ ছাড়ায় আফগানিস্তানের ব্যাটিং চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।
এত বড় লক্ষ্য তাড়া করে জিততে হলে আফগানিস্তানকে বিশ্ব রেকর্ড গড়তে হবে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কত দ্রুত বাকি ৭ উইকেট তুলে নিয়ে আরেকটি টেস্ট জয় নিশ্চিত করতে পারে।
