নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে মসজিদে ভাঙচুর, আহত ৫
মো. সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের হুড়োহুড়ি ও স্লোগানে মসজিদের ভেতরের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এবং ধাক্কাধাক্কিতে প্রবেশপথের কাঁচের দরজা ভেঙে অন্তত ৫ জন মুসল্লি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মুসল্লিরা জানান, শুক্রবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদে এলে তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। খুতবার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে, ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় ও গেরুয়া পতাকার প্রসঙ্গ টেনে মুসলিম উম্মাহকে সজাগ হওয়ার আহ্বান জানান। নামাজ শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় পেছনের ফটকে প্রচণ্ড ভিড় ও হুড়োহুড়ি শুরু হয়। এ সময় চাপের মুখে কাঁচের দরজাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কাঁচের আঘাতে আহতদের রক্তে মসজিদের ফ্লোর রঞ্জিত হয় এবং মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লিরা অভিযোগ করেন, দলীয় নেতাকর্মীদের বিশৃঙ্খলা ও স্লোগানের কারণে অনেকেই সুন্নত নামাজ শান্তিতে আদায় করতে পারেননি। পবিত্র মসজিদের ভেতর রাজনৈতিক স্লোগান ও হট্টগোল নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক মুসল্লি বলেন, "শান্তিপূর্ণ ইবাদতের জায়গায় এমন বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়।"
খুতবার আগে দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "ভারতে বিজেপি জয়ী হয়েছে, গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে চলে এসেছে। মুসলমানরা সজাগ না থাকলে এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। আমাদের মসজিদভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।" নামাজ শেষে তিনি দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেন।
কাঁচের দরজা ভাঙার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার। তিনি জানান, ধাক্কাধাক্কিতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তিনি নিজেও সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, "মসজিদ কমিটি ও খতিবের সঙ্গে আমরা কথা বলেছি। যে কাঁচের দরজাটি ভেঙেছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আমরা দেবো।"
