সাভারে আবারও প্রেশার কুকার বোমা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
সাভারে একটি মাঠ থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখা যায়। পরে ড্রামের ভেতরে কাপড়চোপড়ের সঙ্গে একটি প্রেশার কুকার দেখতে পান তাঁরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি মাঠে রেখে যায়। খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।
ইমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে এবং তাদের সদস্যরা ঘটনাস্থলে আসছেন।
আরও পড়ুন: বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সকালে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটও সেখানে যাচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে প্রেশার কুকারের ভেতরে আসলে কী রয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করে।
আরও পড়ুন: সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি মুদি দোকানে গিয়ে একটি ঠান্ডা পানীয় কেনার কথা বলে দোকানিকে ৫০০ টাকার নোট দেন। দোকানি খুচরা টাকা না থাকায় ওই ব্যক্তি চলে যান এবং ব্যাগটি দোকানে রেখে যান।
পরে ব্যাগের ভেতরে সন্দেহজনক বস্তু থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
