×

ঢাকা

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

ছবি : সংগৃহীত

রাজবাড়ী শহরে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানা নামে এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ জাকিয়া সুলতানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি দিতে থাকেন।

আরও পড়ুন: কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী কাপড়বাজারের কাদেরীয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় জাকিয়া সুলতানার ‘আস্থা ফ্যাশন’ নামে একটি কাপড়ের দোকান রয়েছে। ওই প্রতিষ্ঠানের নারী কর্মচারী শাজানাজ পারভীন বৃষ্টির সঙ্গে সম্প্রতি তার বিরোধ তৈরি হয়।

এর জেরে শনিবার দুপুরে প্রচার মাইকসহ কয়েকজন নারীকে নিয়ে জাকিয়া সুলতানা মার্কেটে যান। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ব্যবসায়ী নেতারা সেখানে গিয়ে তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। একপর্যায়ে কথা কাটাকাটি ও উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে পুলিশ জাকিয়া সুলতানাকে সঙ্গে নিয়ে বাজারের প্রধান সড়কে আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় সড়কের বিভিন্ন স্থান থেকে কয়েকজন যুবক তাকে একাধিকবার লাথি মারেন।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, জাকিয়া সুলতানা তার নারী কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং অনৈতিক কাজের প্রস্তাব দিতেন। এ কারণে তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মচারীরা কয়েক মাস কাজ করার পর অন্যত্র চলে যেতেন বলেও দাবি করেন তারা। এ বিষয়টি নিয়ে বাজারে একাধিকবার সালিশ হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন: মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

তবে ব্যবসায়ীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকিয়া সুলতানা। তার দাবি, ব্যবসার ক্ষতি করার উদ্দেশ্যে পাশের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। তার ছয়জন কর্মচারীকে প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জাকিয়া সুলতানা বলেন, ওই কর্মচারী পাশের দোকানে যাওয়ার সময় খারাপ আচরণ করেন। তাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করা হলে এতদিন কেন কেউ বিষয়টি জানায়নি বা প্রশাসনের কাছে অভিযোগ করেনি- এমন প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, উদ্দেশ্য সফল করতে বৃষ্টি মিথ্যা অভিযোগ করছেন। তার দোকানে মীম নামে একজন নারী এখনো কাজ করছেন এবং তাকে জিজ্ঞাসা করলেই বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন : ফ্যামিলি কার্ডে বড় শর্ত, বাদ পড়বেন কারা?

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বাজার কমিটির কাছে প্রতিকার চেয়েও পাননি। এ কারণেই প্রতিবাদ জানাতে তিনি বাজারে গিয়েছিলেন। তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কারখানাটিও বন্ধ হয়ে যাবে এবং এতে প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন বলে দাবি করেন তিনি।

জাকিয়া সুলতানার ভাষ্য, তার কারখানায় উৎপাদিত পণ্য দোকান ও অনলাইনের মাধ্যমে সারা দেশে বিক্রি করা হয়। পণ্যের মান ভালো এবং দাম তুলনামূলক কম হওয়ায় বিক্রিও ভালো। এ কারণেই অন্য ব্যবসায়ীরা তার ওপর ক্ষুব্ধ বলে দাবি করেন তিনি।

রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ বলেন, জাকিয়া সুলতানার দোকানের এক কর্মচারীকে বেতন না দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে ওই ঘটনার পর বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, মূলত ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কানাইঘাট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কানাইঘাট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছয় দফা দাবিতে লংমার্চ, প্রস্তুতি বৈঠকে জামায়াতের শীর্ষ নেতারা

ছয় দফা দাবিতে লংমার্চ, প্রস্তুতি বৈঠকে জামায়াতের শীর্ষ নেতারা

রাষ্ট্রপতি ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, শি জিনপিংয়ের শুভেচ্ছা

রাষ্ট্রপতি ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, শি জিনপিংয়ের শুভেচ্ছা

পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকলে কে দায়িত্ব পালন করবেন?

পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকলে কে দায়িত্ব পালন করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App