মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁরা মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধে অংশ নেওয়া চালকদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাঁদের অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। পরে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়ি ফেরত পেতে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এক অটোরিকশাচালক বলেন, ‘আমাদের অবরোধের মূল দাবি একটাই—সড়কে আমাদের গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ি ডাম্পিং করা হয়। ইউটার্ন নিতে গেলেও গাড়ি ডাম্পিং করা হয়। পরে গাড়ি আনতে গেলে আজ নয়, কাল দেওয়া হবে বলে ঘোরানো হয়।’
তিনি আরও বলেন, কয়েকজন চালক গাড়ি ছাড়ানোর কাগজ বা স্লিপ হাতে নিয়ে ঘুরছেন। নির্ধারিত দিনে গাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ওই চালক বলেন, ‘এই অন্যায়ের কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের পেটে ভাত না থাকলে পরিবারে অশান্তি নেমে আসে। স্ত্রী, সন্তান ও মা-বাবাকে নিয়ে আমরা বিপদে আছি। অনেকে ঋণ করে গাড়ি কিনেছেন। কিন্তু গাড়ি আটকে রাখায় ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন না।’
অবরোধে অংশ নেওয়া আরেক চালক বলেন, নির্ধারিত সড়কগুলোতে অটোরিকশা চলাচলের সুযোগ দিতে হবে। পুরো শহরে গাড়ি চালানোর দাবি তাঁদের নয়; বরং যেসব সড়কে চলাচলের অনুমতি দেওয়া হবে, সেখানেই গাড়ি চালাতে চান তাঁরা।
তিনি অভিযোগ করেন, মিরপুর রোডে অটোরিকশা চলাচলের অনুমতি না থাকায় তাঁরা সেখানে যান না। কিন্তু এখন ধানমন্ডি রোডেও যেতে দেওয়া হচ্ছে না। ওই সড়কে গেলেই তাঁদের গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
চালকদের দাবি, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে এবং জব্দ করা গাড়ি ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে।
