দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের ছুটি মিলবে ৪ দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত নিজেদের কার্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন বন্ধ থাকবে সংগঠনটির কার্যালয়ের কার্যক্রম।
বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় কার্যালয়ের কার্যক্রম যথারীতি চালু হবে। এর মধ্যে ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ছুটির সময়েও জরুরি সেবা চালু রাখার ব্যবস্থা করেছে বিজিএমইএ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) ইস্যুসহ অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে সংগঠনটির কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা ও কার্যক্রম পরিচালনা করবেন।
বিজিএমইএর মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।
