×

অর্থনীতি

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

ছবি : সংগৃহীত

মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের দাম প্রায় দেড়গুণ বেড়েছে। কোথাও কোথাও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। অথচ এক সপ্তাহ আগেও একই পরিমাণ ডিমের দাম ছিল ১২০ টাকা। হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।

ডিমের দাম বেড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। সাশ্রয়ী আমিষের উৎস হিসেবে প্রতিদিনের খাবারে ডিম থাকলেও দাম বাড়ায় অনেক পরিবার প্রয়োজনের তুলনায় কম ডিম কিনছেন। আবার কেউ কেউ নিয়মিত খাবারের তালিকা থেকে ডিম বাদ দিতেও বাধ্য হচ্ছেন।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি ডজন ডিম ১৬৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে চারটি ডিম কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। এক সপ্তাহ আগেও চারটি ডিমের দাম ছিল প্রায় ৪০ টাকা।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

এখন একটি ডিম কিনতেই খরচ হচ্ছে ১৫ টাকা। এই দামে এক হালি লেবুও পাওয়া যায়। অথচ রমজান মাসে প্রতিবছর চিত্রটি অনেকটা উল্টো হয়ে যায়। তখন লেবুর দাম বেড়ে প্রতি হালি ১৫০ টাকা পর্যন্ত উঠলে এক হালি লেবুর দামে পাওয়া যায় প্রায় এক ডজন ডিম।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাদের দাবি, এর ফলে একদিকে প্রান্তিক খামারিরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, অন্যদিকে খুচরা বিক্রেতারাও বাড়তি লাভ করতে পারেন না। সংকট তৈরি হলে সবচেয়ে বেশি সুবিধা নেন মধ্যস্বত্বভোগীরাই।

রাজধানীর মানিকনগর পুকুরপাড় এলাকার মুদি দোকানি আসলাম শেখ বলেন, পাইকারি ব্যবসায়ীরা বন্যার কারণে ডিমের সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছেন। তবে তার মতে, মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম এতটা বেড়ে যাওয়ার পেছনে শুধু বন্যাকে দায়ী করা যায় না। এর সঙ্গে মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেটও জড়িত থাকতে পারে। তিনি প্রশ্ন তুলে বলেন, সিন্ডিকেট না থাকলে এক মাসের ব্যবধানে পোলাও চালের দাম ১৫০ টাকা থেকে ২৫০ টাকায় কীভাবে পৌঁছাল?

রোববার সকালে মুগদা বাজারে ডিম কিনতে গিয়ে এক মধ্যবয়সী নারী দোকানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তার অভিযোগ, বেশি দাম নেওয়ার উদ্দেশ্যে দোকানি চারটি ডিমের জন্য ৫৫ টাকা চেয়েছেন। পরে ওই দোকান থেকে ডিম না কিনেই চলে যান তিনি।

যেভাবে বাড়ছে ডিমের দাম

পোলট্রি খাতের সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলে ডিমের দাম দ্রুত বেড়ে যায়। দেশে প্রতিদিন প্রায় সাড়ে ৩ থেকে ৪ কোটি ডিমের চাহিদা রয়েছে। ফলে উৎপাদন কিংবা সরবরাহে সামান্য ঘাটতিও বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।

তবে সরবরাহ সংকটের পাশাপাশি বাজারে কারসাজিও দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, খামারিরা অনেক সময় উৎপাদিত ডিমের ন্যায্যমূল্য না পেলেও মধ্যস্বত্বভোগীরা কম দামে পণ্য বিক্রি করেন না। বরং সংকট তৈরি হলে সেটিকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা করেন তারা।

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান ঢাকা পোস্টকে বলেন, ডিমের দাম মূলত বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের অনেক লেয়ার খামারি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বন্যায় বহু খামারের ডিম নষ্ট হয়েছে এবং মুরগি ও ডিম ভেসে গেছে। ফলে হঠাৎ করেই বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।

তবে খামারিরা ভোক্তাদের কাছ থেকে নেওয়া বাড়তি দামের সুফল পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, খামারি যে দামে ডিম বিক্রি করেন এবং ভোক্তা যে দামে তা কেনেন, দুই দামের মধ্যে বড় ব্যবধান রয়েছে। কারণ খামারিরা সরাসরি ভোক্তার কাছে ডিম বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগীরা এই ব্যবধানের সুযোগ নিয়ে বেশি লাভ করেন, অথচ এর দায় অনেক সময় খামারিদের ওপর পড়ে।

সম্প্রতি জুলাই মাসে দেশের বিভিন্ন জেলায় পোলট্রি মুরগি ও ডিমের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী কর্মসূচি পালন করেন খামারিরা।

বিপিআইএর দাবি, বর্তমানে খামার পর্যায়ে একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১০ টাকা। অথচ খামারিরা সেটি প্রায় ৬ টাকায় বিক্রি করতে বাধ্য হওয়ায় প্রতিটি ডিমে প্রায় ৪ টাকা লোকসান গুনছেন। দীর্ঘদিন ধরে খামার পর্যায়ে ডিমের দাম উৎপাদন ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হয়নি। এতে পোলট্রি শিল্পের মূল চালিকাশক্তি প্রান্তিক খামারিরাই সবচেয়ে বেশি সংকটে পড়েছেন।

সংগঠনটির দাবি, গত পাঁচ বছরে প্রায় ৬৪ হাজার খামারি পোলট্রি খাত থেকে সরে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুম আইনে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি: শিশির মনির

গুম আইনে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি: শিশির মনির

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকা অপরিসীম

অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান

অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, মহাসড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App