×

অর্থনীতি

সামষ্টিক অর্থনীতির মডেলে নতুন দৃষ্টিভঙ্গি

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

অধ্যাপক রবার্ট ই হল ও অধ্যাপক মাইকেল উডফোর্ড। ছবি: সংগৃহীত

২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণার করার স্বীকৃতি হিসেবে তাঁরা এই পুরস্কার পেয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

অর্থনৈতিক মন্দা কিংবা দ্রুত প্রবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর নীতি প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ডের গবেষণা সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ ও নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

অর্থনৈতিক মন্দার সময় সাধারণত সুদের হার কমানো এবং সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে বাজারে চাহিদা বৃদ্ধির চেষ্টা করা হয়। অন্যদিকে, অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো এবং সরকারি ব্যয় কমানোর মতো পদক্ষেপ নেওয়া হয়। প্রায় এক শতাব্দী আগে জন মেনার্ড কেইনসের অর্থনৈতিক তত্ত্বের বিকাশের পর থেকেই অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের নীতির গুরুত্ব বেড়েছে।

তবে ১৯৭০-এর দশকে তেলসংকটের সময় প্রচলিত কেইনসীয় মডেলগুলোর কার্যকারিতা নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। সে সময় পশ্চিমা দেশগুলো নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ বেকারত্ব ও লাগামহীন মূল্যস্ফীতির মতো সমস্যার মুখোমুখি হয়। ফলে অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রচলিত নীতিগুলোর সীমাবদ্ধতা নতুন করে আলোচনায় আসে।

আরও পড়ুন: বজ্র-বৃষ্টিসহ টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

এ প্রেক্ষাপটে অর্থনৈতিক মডেলকে আরও বাস্তবসম্মত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হল ও উডফোর্ড। তাদের গবেষণায় মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তাদের প্রস্তাবিত মডেলগুলো ক্ষুদ্র অর্থনীতির নীতির সঙ্গে সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণকে যুক্ত করেছে। এর ফলে মানুষ কীভাবে সঞ্চয় করে, কতটা ব্যয় করে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কীভাবে পণ্যের দাম নির্ধারণ করে—এসব সিদ্ধান্ত সামগ্রিক অর্থনীতিতে কী প্রভাব ফেলে, তা আরও ভালোভাবে বোঝা সম্ভব হয়।

হল ও উডফোর্ডের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান শুধু বর্তমান পরিস্থিতিই বিবেচনা করে না, বরং ভবিষ্যতের সম্ভাবনাকেও গুরুত্ব দেয়।

সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণা দিয়ে মানুষের প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে। এর ফলে ভোগ, বিনিয়োগ ও পণ্যের মূল্য নির্ধারণের সিদ্ধান্তে পরিবর্তন আসে, যা শেষ পর্যন্ত সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলে।

অর্থনীতিতে নোবেল পুরস্কারবিষয়ক কমিটির চেয়ারম্যান জন হাসলারের মতে, হল ও উডফোর্ডের গবেষণা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ব্যবহৃত অর্থনৈতিক মডেলগুলোর জন্য শক্তিশালী তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছে। জ্বালানির দামে আকস্মিক বৃদ্ধি কিংবা পরিবারের ভোগব্যয়ে বড় ধরনের পরিবর্তনের মতো অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় এসব মডেল নীতিনির্ধারকদের সহায়তা করতে পারে।

এর আগে ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। উদ্ভাবন কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে, সে বিষয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার অর্জন করেন।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে তিনি নিজের সম্পদ এ পুরস্কারের জন্য উৎসর্গ করেন। শুরুতে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তি—এই পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়ার ব্যবস্থা ছিল। পরবর্তীকালে অর্থনীতিতে পুরস্কার যুক্ত হয়, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবছর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিভাগে পুরস্কার বিজয়ীদের নির্বাচন করে। চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোমে দেওয়া হয়। অন্যদিকে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় ‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

চুয়েট ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App