×

শিক্ষা

নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ

এআই দিয়ে নির্মিত ছবি

প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পুষ্টি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয় ধরা হয়েছে। একই সঙ্গে মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

আগামী বছর থেকে পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। তবে প্রথম বছর শিক্ষাবর্ষের শুরুতেই সব উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব নাও হতে পারে। পরবর্তী বছরগুলোতে স্কুল খোলার সময়ই এসব উপকরণ দেওয়ার লক্ষ্য সরকারের।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পোশাক ও অন্যান্য উপকরণের জন্য শিক্ষার্থীপ্রতি ১ হাজার ৯৫০ টাকা বরাদ্দের হিসাব এক বছরের। এর মধ্যে স্কুল ড্রেসের জন্য ৬০০, ব্যাগে ৬০০, জুতায় ৭০০ ও মোজায় ৫০ টাকা ধরা হয়েছে। তবে এ কার্যক্রম বাস্তবায়ন হবে পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রকল্পের আওতায়। বরাদ্দের এ পরিমাণ সম্ভাব্য সর্বোচ্চ ব্যয়। দরপত্রের মাধ্যমে কেনাকাটার পর প্রকৃত ব্যয় নির্ধারিত হবে।

পিইডিপি-৫ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৮৭ কোটি টাকা।

আরও পড়ুন: ‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’

স্কুল ড্রেসের মান, রং, কাপড় এবং শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী মাপ নির্ধারণে বিজিএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাইলট কার্যক্রমের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় দুই লাখ ইউনিফর্ম দিয়েছে। পাশাপাশি বাটা ও অ্যাপেক্সসহ বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় ৫০ হাজার জুতা দিয়েছে। এসব উপকরণের মান ও উৎপাদন ব্যয় বিবেচনায় বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ জন্য একজন কর্মীর মাসিক সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ৫ হাজার টাকা। পাঁচ বছরে এ খাতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার কোটি টাকা।

পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, চার থেকে ১০ বছর বয়সী শিশুদের কাছ থেকে সব সময় পরিচ্ছন্নতা বজায় রাখার সচেতনতা আশা করা যায় না। বিদ্যালয়ের শৌচাগার ও পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন। শিক্ষকদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো কিংবা শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহারে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয়তা ও হিসাব বিবেচনা না করে এ ব্যয়কে অপচয় বলা ঠিক হবে না।

পিইডিপি-৫ প্রকল্পের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রথমে প্রকল্পটির ব্যয় ৪৭ হাজার কোটি টাকার বেশি ধরা হয়েছিল। পরে বিভিন্ন খাত পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে প্রায় ৬ হাজার কোটি টাকা কমানো হয়েছে। পিইডিপি-৪ গত জুনে শেষ হয়েছে। এরপর জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি পিইডিপি-৫ চালুর কথা ছিল। প্রকল্পের কিছু খাত বাদ দেওয়া এবং অন্য প্রকল্পের আওতায় নেওয়ায় ব্যয় কমেছে।

২৪ ডিসেম্বর শিক্ষার্থীরা পাবে নতুন বই

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময় নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইও দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থী ও অভিভাবকেরা ফল নিতে এসে পরবর্তী বছরের বই নিয়ে যেতে পারবেন।

তবে স্কুল ড্রেস, জুতা, ব্যাগসহ অন্যান্য উপকরণ একই সময়ে দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিমন্ত্রী বলেন, এক কোটির বেশি শিক্ষার্থীর জন্য পোশাক ও জুতার মাপ, মানসহ নানা বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমবার এত বড় পরিসরে কার্যক্রম বাস্তবায়নে বাড়তি প্রস্তুতির প্রয়োজন। তাড়াহুড়া করে ত্রুটিপূর্ণ উপকরণ দিতে চায় না সরকার। আগামী বছর এসব উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

বাড়ছে মিড-ডে মিল কার্যক্রম

প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৫০টিতে মিড-ডে মিল কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে অন্য বিদ্যালয়গুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রান্না করা খাবার ও কুপনের মাধ্যমে খাবার দেওয়ার দুটি প্রস্তাব এসেছে। দেশব্যাপী চালুর আগে পদ্ধতি দুটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। ফলাফল পর্যালোচনা করে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শুধু খাবার দেওয়া নয়, শিশুদের পুষ্টি নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিদ্যালয়ের খাবার থেকে শিশুর দৈনিক পুষ্টির চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণের পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফ্যাট ও কার্বোহাইড্রেটের চাহিদা বিবেচনায় খাবারের তালিকা তৈরি করা হয়েছে। রান্না করা খাবারে স্থানীয় সবজি, মাছ, মাংস ও ডিম রাখার পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

টানা ৪ দিনের ছুটি ডিসেম্বরে

টানা ৪ দিনের ছুটি ডিসেম্বরে

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়:  প্রধানমন্ত্রী

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App