ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে বিদ্যুৎহীন ৬৮ হাজার পরিবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের প্রভাবে বুধবার উত্তর-পশ্চিম ফ্রান্সে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটিতে চলমান তীব্র গরমের মধ্যে এটিই প্রথম বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তাপের কারণে বিদ্যুৎ গ্রিডের একটি ট্রান্সফর্মারে ত্রুটি দেখা দেওয়ায় এই বিভ্রাটের সৃষ্টি হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টার দিকে ব্রিটানি অঞ্চলের কুইম্পার শহরের কাছে এরগ-গ্যাবেরিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিনিস্তের প্রশাসন। খবর গাল্ফ নিউজের।
ফরাসি বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা এবং বিদ্যুৎ বিতরণকারী দলের কর্মীরা সমস্যার সমাধানে সারারাত কাজ করলেও দিনের শেষ নাগাদ পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার দিনের শেষে ফ্রান্সে এক লাখ ছয় হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ইউরোপজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে দেশটি ইতিহাসের অন্যতম উষ্ণ দিনের মুখোমুখি হয়েছে।
আরো পড়ুন : ফ্রান্সে তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু
ফরাসি বিদ্যুৎ সঞ্চালন কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি জটিলতার কারণে মঙ্গলবার দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। তবে যত দ্রুত সম্ভব বুধবারের মধ্যেই সংযোগ ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
বুধবার ফ্রান্সের ৫৮টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা, অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ফিনিস্তের অঞ্চলও রয়েছে। ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত অনেক এলাকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশেষ ধরনের বায়ুপ্রবাহ ও আবহাওয়াগত পরিস্থিতির কারণে গরম বাতাস দীর্ঘ সময় ধরে একই এলাকায় আটকে থাকছে। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এই তাপপ্রবাহ আরো তীব্র আকার ধারণ করছে।
