×

ইউরোপ

রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, বাড়ছে প্রাণহানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৫১ এএম

রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, বাড়ছে প্রাণহানি

ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে ইউরোপজুড়ে শুরু হয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ। একের পর এক দেশে ভেঙে যাচ্ছে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, এই তাপপ্রবাহ জনস্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

বর্তমানে ইউরোপজুড়ে প্রায় ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে রয়েছেন। আবহাওয়া বিভাগগুলোর প্রাথমিক তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের কেন্দ্র দ্রুত উত্তর ও পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে।

জার্মানিতে টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে নতুন সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এর আগে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে রাজধানী বার্লিনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটানোর ব্যবস্থা করেছে।

চেক প্রজাতন্ত্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাগের উত্তরাঞ্চলীয় ডকসানি এলাকায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডেনমার্কেও ১৯৭৬ সালের রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, সুইজারল্যান্ডের বাসেলে পারদ ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে টানা তৃতীয় দিনের মতো জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

আইবেরীয় উপদ্বীপ থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইতোমধ্যে শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্পেনের ‘মোমো’ পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, তীব্র গরমে মাত্র পাঁচ দিনে ৩২৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই অনিরাপদ ও অরক্ষিত স্থানে সাঁতার কাটছিলেন।

আরো পড়ুন : তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, স্পেনে ৩ শতাধিক মৃত্যু

বিবিসির প্রধান আবহাওয়াবিদ বেন রিচ জানিয়েছেন, ধীরগতির ও দীর্ঘস্থায়ী একটি উচ্চচাপ বলয় বা ‘হিট ডোম’-এর কারণেই এই চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন, উচ্চচাপের কারণে বাতাস নিচের দিকে নেমে সংকুচিত ও আরো উত্তপ্ত হয়ে ওঠে। এর সঙ্গে মেঘহীন আকাশ ও প্রখর রোদ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।

‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’-এর বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণেই ৫০ বছর আগের তুলনায় এখন গ্রীষ্মের শুরুতেই এমন তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে। বর্তমানে ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নশীল মহাদেশে পরিণত হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার (২৯ জুন) পর্যন্ত এই তীব্র গরম অব্যাহত থাকতে পারে এবং কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে পশ্চিম ইউরোপে শীতল আবহাওয়া তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে, যা পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App