আল নাসরের সহজ জয়
ক্ষেপণাস্ত্র আতঙ্কের মধ্যেই রোনালদোর গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ম্যাচ শুরুর প্রস্তুতি প্রায় শেষ। গ্যালারিতে অপেক্ষা করছেন দর্শকেরা। ঠিক তখনই সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা। নিরাপত্তার কারণে পিছিয়ে দেওয়া হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর মাঠে গড়ায় খেলা। এরপর গোলও করেন পর্তুগিজ মহাতারকা। উজবেকিস্তানের নেফচি ফারগানাকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় তার দল।
সোমবার (১২ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে রিয়াদের আল আউয়াল পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে। তবে নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি দুই দল।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার সময় প্রতিহত করা হয়। সে সময় শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দও শোনা যায়। নিরাপত্তা সতর্কতার পর রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠানো হয়। তাদের শান্ত থাকতে, নিরাপদ স্থানে অবস্থান করতে এবং জানালা ও দরজা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
এদিকে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের আসনেই অবস্থান করতে বলা হয়। মাইকে ঘোষণা দেওয়া হয়, পরিস্থিতি নিরাপদ রয়েছে এবং ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে খেলা শুরুর জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় দুই দলকে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। বাঁ প্রান্ত থেকে সাদিও মানের উঁচু করে পাঠানো বল বুক দিয়ে রোনালদোর দিকে বাড়িয়ে দেন আইমান ইয়াহিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে বল জালে পাঠান পর্তুগিজ তারকা।
এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১। এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন মাত্র ১৯ গোল দূরে ৪১ বছর বয়সী এই ফুটবলার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আল নাসর অবশ্য বিরতির পর একটি গোল হজম করে। ৫১ মিনিটে নেফচির হয়ে ব্যবধান কমান আলিশের ওদিলভ।
এরপর ৬৫ মিনিটে আল নাসরের মোহাম্মদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন নেফচির ইকরমজন আলিবায়েভ। দশজনের দলে পরিণত হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি উজবেক ক্লাবটি। উল্টো ৭৮ মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়।
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের নতুন মৌসুমে এটি আল নাসরের প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছিল দলটি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে প্রথম তিন পয়েন্ট পেয়েছে তারা।
