মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
মেধাবী উদ্যোক্তাদের স্টার্টআপ গড়ে তুলতে আইসিটি বিভাগের মাধ্যমে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
তারেক রহমান বলেন, অনেক উদ্যোক্তাকেই ব্যাংক ঋণ নিতে গিয়ে জামানত, কাগজপত্র ও নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। সেই ভোগান্তি কমাতেই একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। তারাই প্রকল্প যাচাই করে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া আছে কিন্তু ব্যাংক ঋণের জন্য প্রয়োজনীয় জামানত নেই, তাদের জন্য সরকার কী উদ্যোগ নিচ্ছে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই অর্থ জনগণের অর্থ। তাই প্রকল্পের সম্ভাবনা বিবেচনা করে অর্থায়ন করা হবে। কোনো উদ্যোগ শুরুতেই সফল না হলেও যদি সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয় দফায়ও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনি ইশতেহার-২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মকে উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা সম্পর্কে এক জায়গা থেকেই তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে আরো শক্তিশালী ও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
