২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ সময় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৬৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার ৩৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩২ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ১৩৭ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেট বিভাগে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে।
আরো পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু
এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৬১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৫৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ৪১৩ জন।
এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। একই সময়ে এ রোগে মৃত্যু হয় ৫৭৫ জনের। এদিকে, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও ভয়াবহ। ওই বছর সারাদেশে মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
