বিধানসভা নির্বাচন
বাংলায় ব্যবধান বাড়িয়ে এগিয়ে চলছে বিজেপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:৫২ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল গণনা চলছে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। আজকের সবচেয়ে বড় চমকগুলোর একটি হলো অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকের পারফরম্যান্স। দলটি তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকে-কে পেছনে ফেলে এগিয়ে গেছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বড় ধরনের পরাজয়ের মুখে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিরোধীদল বিজেপি।
এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
নির্বাচন ফলাফল লাইভ গণনা ও প্রবণতা অনুযায়ী বিভিন্ন রাজ্যে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।
আরো পড়ুন : অসম্ভবকে সম্ভব করতে চলেছেন বিজয় থালাপাতি
পশ্চিমবঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ভবানীপুরে, যেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছেন। নন্দীগ্রামে তিনি তার অবস্থান ধরে রেখেছেন।
তামিলনাড়ুতে বিজয়ের টিভিকে রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। দলটি এখন ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে রয়েছে ১১০টিরও বেশি আসনে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডিএমকে টিভিকে ও এআইএডিএমকের পেছনে অবস্থান করছে।
পুদুচেরিতে এনডিএ আবারও সরকার গঠনের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলছে। আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি বড় জয়ের পথে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের অবস্থা দুর্বল, তারা ৩০টির বেশি আসনেও এগোতে পারছে না।
