বিক্ষোভে যাওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে গ্রেপ্তার বা আটকের বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে।
তিনি বলেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’
দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সংবাদ সংস্থা এএনআইকে এসব কথা বলেন অভিজিৎ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। এএনআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে তাঁর দিল্লিযাত্রার বিষয়টি দেখা গেছে।
এর আগে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’
