‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম
ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরশাসক আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে শনিবার (১০ অক্টোবর) আয়োজিত বিক্ষোভে নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি দাবি করেন, তরুণদের নিয়ে আতঙ্কে রয়েছেন মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
দিল্লিতে মেট্রো চলাচল ও সড়কে বিধিনিষেধ আরোপ এবং ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ।
সাংবাদিকদের তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, সড়ক—সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের তরুণদের যদি তিনি এতটাই ভয় পান, তাহলে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন কেন?’
পরে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারেও মোদি সরকারের সমালোচনা করেন তিনি। এ সময় অভিজিৎ প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান?
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও সমালোচনার মুখে ফেলেন অভিজিৎ। তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমার কি তাদের এতটাই প্রিয় যে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দিতে হবে?’
অভিজিৎ আরও দাবি করেন, তরুণদের নিয়ে সরকার উদ্বিগ্ন। ভবিষ্যতের নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে কি না, তা নিয়েও সরকারের মধ্যে আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধী দল ও বিভিন্ন নাগরিক সংগঠনের আপত্তির মধ্যেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
