মুক্তি পেয়ে যে বার্তা দিলেন অভিজিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
আটক থেকে মুক্তি পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’
দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায় বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববারও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এদিকে, রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির।
রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিজিৎ দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তাঁরা মুক্তি পান।
সিজেপির আইনবিষয়ক প্রধানের ভাষ্য অনুযায়ী, মুক্তির ক্ষেত্রে তাঁদের শর্ত দেওয়া হয়েছে, আগামী এক বছর এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যাতে শান্তিভঙ্গের পরিস্থিতি তৈরি হয়।
শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট পর উড়োজাহাজের ভেতর থেকেই সিজেপির তিন নেতাকে আটক করা হয়।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের এয়ারসাইড অপারেশনস কন্ট্রোল সেন্টারের নির্দেশে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হয়।
এরপর উড়োজাহাজের ভেতর থেকে তিন নেতাকে আটক করে পুলিশ। তাঁদের আটকের ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
