ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় মাইকে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মসজিদের মাইক জব্দ করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার বিজনোরের নাজিবাবাদ এলাকায় একটি গণশুনানিতে যাওয়ার পথে জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই একটি মসজিদ থেকে আজানের শব্দ শুনতে পান। এরপরই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার মালিক মসজিদে গিয়ে মাইক জব্দ করেন এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করেন।
পরে উপপরিদর্শক সৌরভ কুমারের আবেদনের ভিত্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি শান্তি ভঙ্গের অভিযোগে আইনি প্রক্রিয়া শেষে তাকে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, নিজ এলাকায় শব্দসীমা-সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন।
ঘটনার পর বিজনোর জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলোতে ব্যবহৃত মাইক অনুমোদিত শব্দসীমার মধ্যে রয়েছে কি না, তা যাচাই করে প্রত্যয়নপত্র বা হলফনামা জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ও বিট কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিজনোরের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলাজুড়ে অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, ধর্মীয় স্থানে নির্ধারিত শব্দসীমার বাইরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ নিজ এলাকায় এসব বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
