যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
ছবি- সংগৃহীত
মার্কিন সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে (ইউএস ফিফথ ফ্লিট) লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (১০ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, দুপক্ষের মধ্যে বর্তমানে সংঘর্ষ চলছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন সামরিক ‘আগ্রাসন’ যদি অব্যাহত থাকে, তবে এর চেয়েও আরও ভয়াবহ ও কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আইআরজিসি নিশ্চিত করেছে যে, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের বেশ কয়েকটি স্থানে একযোগে হামলা চালিয়েছে। এ হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিরিকের বেমানি জেলার দুটি পানির ট্যাংক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এর আগে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি 'অ্যাপাচি' সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে আবার হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার সাইটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী এই অভিযানকে তাদের ওপর সাম্প্রতিক হামলা ও বাণিজ্যিক জাহাজে বাধার বিপরীতে একটি 'যৌথ ও আনুপাতিক জবাব' হিসেবে বর্ণনা করেছে।
