×

আন্তর্জাতিক

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৭ এএম

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি- সংগৃহীত

জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, জর্ডানের ওই ঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫–এর হ্যাঙ্গারসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

এদিকে এই হামলার পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্র কুয়েত জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা শত্রুপক্ষের যেকোনো লক্ষ্যবস্তু প্রতিহত করতে সক্রিয় রয়েছে।আজ বুধবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মহাকাশ বাহিনী জর্ডানের ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ঘাঁটিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা অবস্থান করছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রও রয়েছে।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলাটি ছিল মূলত মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ইরানের বৃহত্তর পাল্টা অভিযানের শেষ ধাপ। তাদের দাবি অনুযায়ী, এই সামগ্রিক অভিযানে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান ও নৌঘাঁটির অন্তত ২১টি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯’ ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তেহরান।

বিবৃতির শেষাংশে আইআরজিসি যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছে, ওয়াশিংটনের পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে তাদের বাহিনী ‘বিধ্বংসী ও চূড়ান্ত’ প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তার সম্পূর্ণ দায়ভার মার্কিন প্রশাসনকেই বহন করতে হবে।

অন্যদিকে, এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব রক্ষায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং ‘আকাশপথে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু’ প্রতিহত করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েতি সেনাবাহিনী দেশের সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত জরুরি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো ধরণের গুজব এড়াতে নাগরিকরা যেন সঠিক তথ্যের জন্য শুধুমাত্র অনুমোদিত সরকারি সূত্রের ওপরই নির্ভর করেন, সেই অনুরোধও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App