×

আন্তর্জাতিক

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৫৭ এএম

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

ছবি- সংগৃহীত

ইরানের অভ্যন্তরে মার্কিন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। ওয়াশিংটনের এই আকস্মিক সামরিক পদক্ষেপের জবাবে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে তাদের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে ইরান।

আজ বুধবার (১০ জুন) কাতারের প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন,'যুদ্ধক্ষেত্রে বারবার পরাজিত হয়েও যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প পরীক্ষা করার দুঃসাহস দেখিয়েছে। ইরানের শক্তিশালী ও সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী যেকোনো হামলা বা হুমকির দাঁতভাঙা জবাব দিতে সক্ষম।'

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন,'যদি নিরাপদ থাকতে চান, তবে অবিলম্বে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাস ঘাটলে বহিরাগত অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির বহু অধ্যায় দেখা যাবে।'

দুই দেশের মধ্যে চলমান এই তীব্র উত্তেজনার সূত্রপাত মূলত হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত শক্তিশালী’ সামরিক জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন। প্রেসিডেন্টের সেই ঘোষণার পরই মার্কিন বিমানবাহিনী ইরানের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন করে বড় ধরনের বিমান হামলা চালায়।

অবশ্য ওয়াশিংটনের এই আগ্রাসী পদক্ষেপের মধ্যেও কিছুটা নমনীয় সুর শোনা গেছে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির কণ্ঠে। তিনি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ভেঙে পড়া মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটিকে ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানায়নি বা গুলি করে নামায়নি।

তবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি দুর্ঘটনা হোক বা না হোক, ওয়াশিংটনের প্রতিশোধমূলক বিমান হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টিকে থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App