×

আন্তর্জাতিক

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:৪১ পিএম

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি ‘অ্যাপাচি’ অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করার জেরে এবার ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের এই আকস্মিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

এই হামলার জবাবে পাল্টা আঘাত হিসেবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর ফলে দুই দেশের মধ্যে থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ও সম্ভাব্য শান্তি প্রক্রিয়া এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।

আজ বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল-জাজিরার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ইরানের স্থানীয় সময় আজ বুধবার রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় থাকা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও নজরদারি রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় এই হামলা চালায়। সেন্টকম এই অভিযানকে সম্প্রতি মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপর চালানো ইরানি হামলার ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ বলে বর্ণনা করেছে।

এই হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন,'আমি বিশ্বাস করি প্রতিক্রিয়াটি অত্যন্ত জোরালো ও অত্যন্ত শক্তিশালী হওয়া উচিত ছিল এবং এটি তাই হয়েছে।'

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং বন্দর শহর সিরিকে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এ ছাড়া নিকটবর্তী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত জাস্ক কাউন্টিতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র পক্ষ থেকে পাল্টা আঘাতের ঘোষণা দেওয়া হয়। এরপরই আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, তারা বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে ড্রোন হামলা চালিয়েছে। শত্রুতা অব্যাহত থাকলে সামনে ‘আরও মারাত্মক জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অবরোধ কার্যকর করতে এই অ্যাপাচি হেলিকপ্টারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। গত মঙ্গলবার ভোররাতে ওমান উপকূলে টহল দেওয়ার সময় মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের একটি আত্মঘাতী ড্রোনের আঘাতেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে তারা কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন,'এটি বড় কোনো ঘটনা নয়, দুই পাইলট অক্ষত ও ভালো আছেন।' মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ঘটনার দুই ঘণ্টা পর নৌবাহিনীর একটি সারফেস ড্রোন (মনুষ্যবিহীন জলযান) ওমান উপকূল থেকে পাইলটদের জীবিত উদ্ধার করে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইরানের পাল্টা ড্রোন হামলার পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে বাহরাইনের রাজার এক গণমাধ্যম উপদেষ্টা এক্সে দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। পুরো সংঘর্ষের বিষয়ে পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং রয়টার্সও স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App