×

আন্তর্জাতিক

ইরানে হামলায় মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

ইরানে হামলায় মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

মার্কিন বিমানবাহী রণতরী। ফাইল ছবি

ইরানের কাছাকাছি মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে অবস্থান করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য। দীর্ঘ সময় ধরে সেখানে মোতায়েনের কারণে জাহাজটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট, পানি ও প্লাম্বিংয়ের সমস্যা এবং চরম ক্লান্তির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পেন্টাগনের কাছে জবাব চেয়েছেন কয়েকজন মার্কিন আইনপ্রণেতা।

মার্কিন সামরিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে জাহাজটির কিছু নাবিকের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। এমনকি কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার কথা বিবেচনা করেছিলেন বলেও পরিবারের সদস্যদের বরাতে খবর প্রকাশিত হয়েছে। তবে এসব প্রতিবেদনকে ‘সম্পূর্ণরূপে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউএসএস আব্রাহাম লিংকন। পরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের আগে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। পরিকল্পনা অনুযায়ী মে মাসে জাহাজটির দেশে ফেরার কথা থাকলেও কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। পরবর্তী সময়ে ফেরার নির্দিষ্ট কোনো তারিখও জানানো হয়নি।

তবে গত বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যম জানায়, পূর্বনির্ধারিত রোটেশন পরিকল্পনার অংশ হিসেবে আব্রাহাম লিংকনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্টাল প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে পাঠানো এক চিঠিতে প্রায় ৫ হাজার সদস্যের এই রণতরীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, জাহাজটিতে মৌলিক সরবরাহের ঘাটতি, পানি দূষণ, প্লাম্বিংয়ের সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাক ব্যবস্থায় দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। ফলে পরিবারের পাঠানো প্রয়োজনীয় সামগ্রীও মাসের পর মাস পথে আটকে থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ব্লুমেন্টাল বলেন, এসব প্রতিবেদন অবিলম্বে তদন্তের দাবি রাখে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নৌবাহিনী দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরীগুলোর ওপর যে মাত্রার অপারেশনাল চাপ দিচ্ছে, তা আদৌ টেকসই কি না।

ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগোও পরিস্থিতিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তদন্তের জন্য মার্কিন প্রতিনিধিদের জাহাজটিতে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেন, রণতরীতে আইনপ্রণেতাদের প্রবেশাধিকার না দেওয়ার কোনো কারণ তিনি দেখছেন না।


নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, চলতি মাসের শুরুতে এক নাবিক সমুদ্রে পড়ে গেলে একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে। পরে জাহাজেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এর আগে মিলিটারি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনে পরিবারের সদস্যদের উদ্ধৃত করে বলা হয়, কয়েকজন সামরিক সদস্য জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার কথা বিবেচনা করেছিলেন। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান, সীমিত বন্দরে যাওয়া এবং জাহাজের অভ্যন্তরীণ পরিবেশ তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন স্বজনেরা।

অভিযোগের তালিকায় রয়েছে এক সপ্তাহের বেশি সময় লন্ড্রি সুবিধা না পাওয়া, দীর্ঘদিন বন্দরে না যাওয়ায় তাজা খাবারের অভাব এবং জাহাজ থেকে সবসময় নামতে না পারা। এক নাবিকের আত্মীয় বিবিসিকে জানিয়েছেন, মোতায়েন শুরু হওয়ার পর ওই নাবিকের প্রায় ৬৫ পাউন্ড বা ২৯ কেজি ওজন কমেছে। তিনি আরও জানান, ওই নাবিক এক বার্তায় নিজেকে ‘মৃতপ্রায় ক্লান্ত’ বলে উল্লেখ করেছিলেন।

ওই নাবিক জাহাজের ইঞ্জিন ও বিমান ওঠানামার কারণে সৃষ্ট অবিরাম শব্দ এবং কম্পনের কথাও জানিয়েছেন। তাঁর স্বজনের ভাষ্য অনুযায়ী, জাহাজে ঘুম, খাওয়া কিংবা গোসল—কোনো সময়েই শব্দ ও কম্পন থেকে পুরোপুরি মুক্ত থাকার সুযোগ নেই। দীর্ঘদিন মাটিতে পা রাখার সুযোগ না থাকায় মানসিক চাপ আরও বেড়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: ১৫ বছর পর একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মাইকেল লেভিনও সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাজটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তাঁর অভিযোগের মধ্যে ছিল ছত্রাকযুক্ত শাওয়ার, নষ্ট টয়লেট, সপ্তাহের পর সপ্তাহ লন্ড্রি বন্ধ থাকা, দীর্ঘ সময় গরম পানি না থাকা এবং সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের মতো মৌলিক সামগ্রীর ঘাটতি। এমনকি কোনো কোনো বেলায় পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগও তিনি তুলে ধরেন।

তবে এসব অভিযোগের সঙ্গে পুরোপুরি একমত নয় মার্কিন নৌবাহিনী। নৌবাহিনীর এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, জাহাজে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে নিয়মিত সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলেও মিশন-সংক্রান্ত এবং জরুরি সামগ্রী পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, সরবরাহের ক্ষেত্রে প্রথমে খাবার, এরপর স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী এবং তারপর ডাক বা মেইল পাঠানো হচ্ছে। তাঁর দাবি, জাহাজ থেকে পাওয়া সর্বশেষ প্রতিবেদনে বিশুদ্ধ পানি, কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুষ্টিকর খাবারের ধারাবাহিকতা নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে।


গত বৃহস্পতিবার পানামায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জাহাজের সদস্যদের প্রতি সরকারের সমর্থনের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি জাহাজ, ক্রু ও ক্যাপ্টেনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি সরকার নিশ্চিত করছে। কিছু সামরিক মোতায়েন অন্যগুলোর তুলনায় দীর্ঘ হতে পারে উল্লেখ করে তিনি দীর্ঘ সময় কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী নাবিকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলসও বলেন, হেগসেথ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ দিয়ে প্রস্তুত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, স্টারস অ্যান্ড স্ট্রাইপসের তথ্য অনুযায়ী, অতীতে দীর্ঘমেয়াদি মোতায়েনের সময় নৌবাহিনী সদস্যদের মানসিক চাপ কমাতে বিঙ্গো, আর্ট সেশন ও গানের প্রতিযোগিতার মতো বিনোদনমূলক কর্মসূচি চালু করেছিল।

২০২৫ সালের জানুয়ারিতে ৯৫৬ জন নাবিকের ওপর পরিচালিত একটি সমীক্ষাতেও মার্কিন নৌবাহিনীর জাহাজে কর্মরত সদস্যদের মধ্যে তীব্র মানসিক সংকটের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হওয়ার বিষয়টি উঠে আসে। গবেষণায় বসবাসের অনুপযোগী পরিবেশ, অতিরিক্ত শব্দ এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবকে গুরুত্বপূর্ণ মানসিক চাপের কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

ইএসএনআই নিউজের সামরিক ডেটা বিশ্লেষণ অনুসারে, মার্কিন নৌবাহিনী এবং মেরিন কর্পসে এখনও মৃত্যুর অন্যতম প্রধান কারণ আত্মহত্যা।

এছাড়া ভেটেরানস অ্যাডমিনিস্ট্রেশনস তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীতে কাজ করেননি এমন আমেরিকানদের তুলনায় প্রাক্তন সৈনিকদের মধ্যে আত্মহত্যার হার বেশি।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুমার নামাজে এক রাকাত ছুটে গেলে কী করণীয়

জুমার নামাজে এক রাকাত ছুটে গেলে কী করণীয়

নাশকতার মামলায় কারাগারে গেলেন আইভী

নাশকতার মামলায় কারাগারে গেলেন আইভী

৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি

৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি

ইরানে হামলায় মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

ইরানে হামলায় মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App