×

পাকিস্তান

ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম

ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী ইসলামাবাদে নির্মিত ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধান (সিডিএফ) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। এ সময় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, বিদেশি কূটনীতিক, সিনেট চেয়ারম্যান ও জাতীয় পরিষদের স্পিকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে দেশটির শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে পানির প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটা তাদের জন্য ‘রেড লাইন’। ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান প্রয়োজনীয় ও সরাসরি জবাব দেবে।

প্রধানমন্ত্রী পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেন, তাদের সামরিক সক্ষমতা দেশের জনগণের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ‘মারকা-ই-হক’ নামে উল্লেখ করা সামরিক অভিযানে সাফল্যের জন্য ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আগ্রহী। কিন্তু শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা হিসেবে বিবেচনা না করে। তিনি দাবি করেন, সাম্প্রতিক বিভিন্ন আঞ্চলিক সংকটেও পাকিস্তান সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন: পুলিশের ৮ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করে ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তব্যে কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতেও পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন শেহবাজ শরিফ। ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কাশ্মীরিদের আত্মত্যাগও বৃথা যাবে না বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়েও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

শেহবাজ বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তি পরাজিত করতে পারে না। তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পাকিস্তানের দাবি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতে বিজয়ের স্মারক হিসেবে ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ নির্মাণ করা হয়েছে। দেশটির সরকারি ভাষ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একটি হামলার পর ওই বছরের ৬ ও ৭ মে ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়।

এর জবাবে পাকিস্তান পাল্টা সামরিক প্রতিরোধ গড়ে তোলে বলে দাবি ইসলামাবাদের। দুই দেশের মধ্যে ৮০ ঘণ্টার বেশি সময় ধরে সংঘাত চলার পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

আরও পড়ুন: ১৫ বছর পর একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানের দাবি, ওই সংঘাতে ফ্রান্সের তৈরি রাফালসহ ভারতের কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছিল। তবে সংঘাতের সময় দুই দেশের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

বক্তব্যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা না করার বিষয়ে কাবুল প্রশাসনকেও সতর্ক করেন শেহবাজ শরিফ। পাকিস্তানের নিরাপত্তার বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রদেশের পুলিশ, আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে হামলায় মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

ইরানে হামলায় মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

রড দিয়ে পিটিয়ে ভাবিকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

রড দিয়ে পিটিয়ে ভাবিকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

বিদ্যুৎ-গ্যাস সংকটে মেঘনাতে বাড়তি ভাড়া, ভোগান্তিতে কর্মজীবী মানুষ

বিদ্যুৎ-গ্যাস সংকটে মেঘনাতে বাড়তি ভাড়া, ভোগান্তিতে কর্মজীবী মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App