নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডারের খরচ বহন, সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা সম্প্রসারণ এবং চেন্নাইয়ের প্রস্তাবিত পরন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণা দেন।
‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে দেওয়া হবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা
প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বছরে ৪ হাজার কোটি রুপির বেশি ব্যয় হতে পারে।
বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পরিবার এবং প্রতিবন্ধী সদস্য রয়েছে- এমন পরিবারগুলো এ সুবিধা পাবে। প্রথমে সুবিধাভোগীদের নিজেদের অর্থে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে। পরে কেনার প্রমাণপত্রের ভিত্তিতে ওই অর্থ সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন
এতে নিম্নআয়ের পরিবারগুলোর রান্নার জ্বালানি বাবদ ব্যয় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
নারীদের গণপরিবহণ ব্যবহারের ক্ষেত্রেও সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন রাজ্যের সাধারণ সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ থাকলেও আগামী ২ অক্টোবর থেকে দ্রুতগামী ও বিলাসবহুলসহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসেও নারীরা বিনা ভাড়ায় চলাচল করতে পারবেন। এ সুবিধা নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের সংখ্যার কোনো সীমাও থাকবে না।
এদিকে চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর নির্মাণে পরন্দুরে নেওয়া প্রকল্পটি বাতিলের ঘোষণা দিয়েছেন বিজয়। তার ভাষ্য, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ত।
আরও পড়ুন: বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি
চেন্নাইয়ের জন্য নতুন বিমানবন্দর প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি কম হয়- এমন বিকল্প জায়গা খুঁজে বের করা হবে।
রান্নার গ্যাসে আর্থিক সহায়তা, নারীদের জন্য সরকারি পরিবহণে বাড়তি সুবিধা এবং কৃষিজমি রক্ষায় পরন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল- এই তিন সিদ্ধান্তকে বিজয় সরকারের গুরুত্বপূর্ণ জনমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারপক্ষের দাবি, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কমাতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
