×

আন্তর্জাতিক

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ছবি: সংগৃহীত

শিক্ষাব্যবস্থার নানা সংকট ও শিক্ষকস্বল্পতার প্রতিবাদে ফ্রান্সে জেন-জির (Gen-Z) নেতৃত্বে গড়ে ওঠা শিক্ষার্থী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনে বিভিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় চার শতাধিক মানুষকে আটক করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন বহু মানুষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, চলমান বিক্ষোভে ৪৪০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে, যার দুই-তৃতীয়াংশই অপ্রাপ্তবয়স্ক। বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত অন্তত ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই আন্দোলনের প্রভাব পড়েছে।

আন্দোলনের সূত্রপাত ও কারণ

প্যারিসসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা স্কুলগুলোর প্রবেশপথ আটকে বিক্ষোভ শুরু করেন। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ, তীব্র শিক্ষকসংকট এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার বেহাল দশার প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ১৬ বছর বয়সি এক শিক্ষার্থী এএফপিকে বলেন, “আমরা এখানে কোনো কারণ ছাড়া ভাঙচুর করতে আসিনি, একটি বার্তা দিতে এসেছি। শিক্ষাব্যবস্থা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতিটি শ্রেণিতে ৩৪ জন করে শিক্ষার্থী গাদাগাদি করে বসে, যা পড়াশোনার জন্য কোনোভাবেই উপযোগী নয়। শিক্ষকেরাও আজ অতিরিক্ত কাজের চাপে পিষ্ট।”


সহিংসতা ও পুলিশি পদক্ষেপ

মঙ্গলবারের বিক্ষোভে অন্তত ১০ জন শিক্ষক, বেশ কয়েকজন শিক্ষার্থী এবং ৪৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ডাস্টবিনে আগুন দেওয়া ছাড়াও বাসস্টপের ক্ষয়ক্ষতি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েন’-এর সভাপতি রিয়াদ রানি সরকারের বিরুদ্ধে আন্দোলন দমনের অভিযোগ তুললেও স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ দাবি করেছেন, পুলিশ অত্যন্ত সংযত ও পরিমিতভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে।

সরকারের প্রতিক্রিয়া ও অন্যান্য খাত

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে মৌলিক স্বাধীনতা বললেও সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে। তিনি একে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে অভিহিত করেন। এর আগে সোমবার প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু আন্দোলন আরও সহিংস না করার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি কম বেতন ও প্রতিকূল কর্মপরিবেশের প্রতিবাদে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীরা দেশজুড়ে এক দিনের কর্মবিরতি পালন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে অন্তত দুই লাখ মানুষ অংশ নিলেও বেশিরভাগ এলাকায় তা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সর্বশেষ যা জানালেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সর্বশেষ যা জানালেন দিনেশ ত্রিবেদী

কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নয়

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App