×

আইন-বিচার

ডিবিপ্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

ডিবিপ্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

ছবি : সংগৃহীত

ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবারের আয়োজন, ছবি তোলা এবং তা গণমাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদ। একই সঙ্গে তাঁকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন বলেও অডিও কথোপকথনে দাবি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্যসংবলিত অডিও কলের প্রতিলিপি প্রমাণ হিসেবে উপস্থাপন করে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি চলছে।

ট্রাইব্যুনালে উপস্থাপিত ওবায়দুল কাদের ও হারুন অর রশীদের কথোপকথনের প্রতিলিপি অনুযায়ী, হারুন দাবি করেন, আন্দোলনের সমন্বয়কদের খাবার দেওয়ার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবি প্রধানের নির্দেশে খাবারের ব্যবস্থা করা এবং ছবি তোলা হয়েছিল বলে তিনি জানান।

কথোপকথনে ওবায়দুল কাদের জানতে চান, সমন্বয়কদের খাবার দেওয়ার পর ছবি তুলে তা বাইরে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল কি না। জবাবে হারুন বলেন, ছবি তোলার পাশাপাশি সংবাদমাধ্যমে প্রকাশের জন্য সেগুলো পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

এ বিষয়ে তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলামের সঙ্গে কথা বলার কথাও উল্লেখ করেন হারুন।

তিনি আরও দাবি করেন, তিনি যা করেছেন, তা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির নির্দেশেই করেছেন। এর বাইরে নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেননি বলেও কথোপকথনে দাবি করেন তিনি।

অডিও কথোপকথনের একপর্যায়ে হারুন অভিযোগ করেন, তাঁকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর অপরাধ কী, তা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান তিনি।

এদিকে ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আরেকটি কথোপকথনের প্রতিলিপিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। সেখানে হারুনকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা রয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, হারুনকে ডিএমপির মধ্যেই রাখা হবে, তবে তাঁর দায়িত্ব পরিবর্তন করা হবে। তাঁকে অন্য কোথাও দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ডিএমপিতে রেখে শুধু ডিবির দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

কথোপকথনে ওবায়দুল কাদের পুলিশের মধ্যে সম্ভাব্য প্রতিক্রিয়া এবং বাহিনীর মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কার কথা জানান। জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশের মধ্যে প্রতিক্রিয়া হওয়ার বিষয়টি স্বীকার করেন।

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়ার পর তাঁর দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে তাঁকে কয়েক দিন ধরে ব্যবস্থা নিতে বলা হচ্ছিল বলেও কথোপকথনে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’

ওবায়দুল কাদের তখন বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও কথা বলার কথা বলেন। জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল জানান, তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই হারুনের দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামি।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক। চলতি বছরের ২২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। বর্তমানে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App