জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুরের পর তাকে এজলাসে তোলা হলে আদালতে অবস্থান ও সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
আইনজীবীদের হট্টগোলের মধ্যে বিচারক এজলাস ত্যাগ করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবারও আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়।
শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আখতারুজ্জামানের বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা রয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
