×

আইন-বিচার

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

ছবি : সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় শ্বশুরপক্ষের সঙ্গে আপস করেও জামিন পেলেন না সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা জি এম নজরুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম তা নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুরের কারণ ব্যাখ্যা করে আদালত বলেন, আসামি বয়স্ক হওয়া বা আপসনামা দেওয়ার বিষয়টি জামিনের জন্য যথেষ্ট নয়। মামলার ভুক্তভোগী অতি অল্পবয়স্ক ছিলেন এবং তিনি বিভিন্ন নোট লিখে গেছেন। আসামির হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ অবস্থায় আসামি জামিনে মুক্তি পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং ন্যায়বিচার সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আসামির হাজতবাসের সময়ও বেশি হয়নি। এসব বিবেচনায় এ পর্যায়ে জামিন নামঞ্জুর করা হয়েছে বলে জানান বিচারক।

নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহবুবুর রহমান। শুনানির সময় মামলার বাদী মো. মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত বাদীকে জিজ্ঞাসা করেন, তিনি আসামির সঙ্গে আপস করেছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ’। ভুক্তভোগী তার কী হন—এ প্রশ্নের জবাবে মাসুম বিল্লাহ বলেন, মরিয়ম তার মেয়ে।

তবে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। তিনি আদালতে বলেন, মামলাটি আপসযোগ্য নয় এবং এ ধরনের মামলায় আপসনামা দাখিল আইনসঙ্গত নয়। প্রয়োজনে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর পরদিন নজরুলকে গ্রেপ্তার করা হয়। পরে দুই দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। মামলার আরেক আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমান কারাগারে রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে কিছু চিরকুট পাওয়া যায়। সেসব লেখায় নজরুলকে দায়ী করে বিভিন্ন কথা লেখা ছিল বলে জানা গেছে। পুলিশ এগুলো মরিয়মের লেখা বলে ধারণা করছে।

মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ওবায়দুরের প্ররোচনায় নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর নজরুলের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়েছে। জামিন পেলে বাদীপক্ষের কোনো আপত্তি থাকবে না বলেও তিনি দাবি করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তখনও মামলাটি আপসযোগ্য নয় বলে আপত্তি জানিয়েছিলেন।

মামলার বাদী মাসুম বিল্লাহ নজরুলের ভাগনে। সেই সূত্রে মরিয়ম নজরুলের নাতনি হন। মরিয়মের মামা ওবায়দুর একসময় নজরুলের গাড়িচালক ছিলেন।

গত জুলাইয়ে নজরুল ও মরিয়মের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরুল তার দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে জানান। এরপর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে মরিয়মকে নিয়ে বসবাস শুরু করেন তিনি।

দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর বিতর্কের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুলকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। তবে তার সংসদ সদস্য পদ বহাল রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

দুর্গাপূজার ছুটি পাবে না যেসব প্রতিষ্ঠান

দুর্গাপূজার ছুটি পাবে না যেসব প্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App