নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, পুলিশ হেফাজতে ১৯
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের নয় দিন পর বিল্লাল হোসেন (৪০) নামে এক ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের অঞ্জনাঝুড়া এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ জন সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত বিল্লাল হোসেন জারুলতলা গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন ধানের ব্যবসার পাশাপাশি সুদের ব্যবসাও করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে রাত ১০টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বিল্লাল হোসেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
বুধবার বিকেলে স্থানীয় শিশু-কিশোররা জারুলতলা অঞ্জনাঝুড়া এলাকায় মাছ ধরতে গেলে পাশের একটি স্থান থেকে পচা দুর্গন্ধ পান। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে সেখানে মাটির নিচে মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রিপল মার্ডার, গৃহকর্মীর প্রেমের বলি সাত্তার-সুরাইয়া দম্পতি
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ জন সদস্যকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
